সিটঙে মধুচন্দ্রিমাই কাল! বারবিকিউয়ের আগুনে দগ্ধ নববধূ, কাঠগড়ায় হোমস্টে

বিয়ের মাত্র দুই মাস। পাহাড়ের কোলে মধুচন্দ্রিমা উদযাপন করতে গিয়েছিলেন নবদম্পতি। কিন্তু একটি মারাত্মক ভুল সেই আনন্দ মুহূর্তেই বদলে দিল বিভীষিকায়। সিটঙের একটি হোমস্টে-তে বারবিকিউ করার সময় আগুনে মারাত্মকভাবে ঝলসে গিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন স্বামী সৌভিক দাসও।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? সিসিটিভি ফুটেজ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বারান্দায় বারবিকিউ নিয়ে বসেছিলেন নবদম্পতি। সামনেই ছিলেন হোমস্টের এক কর্মী। আগুনের তাপ বাড়াতে ওই কর্মী অসাবধানতাবশত তরল ‘থিনার’ ঢেলে দেন। মুহূর্তের মধ্যে থিনারের জারে বিস্ফোরণ ঘটে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে সরাসরি দগ্ধ হন নিকিতা। স্বামী সৌভিক গায়ের গেঞ্জি খুলে আগুন নেভানোর চেষ্টা করলেও রক্ষা হয়নি।
হোমস্টের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আগুনে নিকিতার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, নিকিতার অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক।
নিকিতার পরিবারের অভিযোগ, হোমস্টে কর্তৃপক্ষের চরম গাফিলতি ছিল। প্রাঙ্গণে গাড়ি থাকা সত্ত্বেও আহতকে হাসপাতালে নিয়ে যেতে এক ঘণ্টারও বেশি সময় নষ্ট করা হয়। ঘটনার পর হোমস্টের কেউ রোগীদের খোঁজ পর্যন্ত নেয়নি। কার্শিয়াং থানায় ইতিমধেই হোমস্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।