“রাস্তা বন্ধই থাকবে!” নাগেরবাজারে দুষ্কৃতীদের হাতে রক্তাক্ত পরিবার, পুলিশি অভিযানে গ্রেফতার ১

“রাস্তা বন্ধই থাকবে!” নাগেরবাজারে দুষ্কৃতীদের হাতে রক্তাক্ত পরিবার, পুলিশি অভিযানে গ্রেফতার ১

বিশ্বকর্মা পুজোর আমেজ শেষ হতে না হতেই ফের তিলোত্তমায় নারী সুরক্ষা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। শুধুমাত্র বাইকের হর্ন বাজানোর ‘অপরাধে’ নাগেরবাজার এলাকায় এক তরুণীকে টেনে-হিঁচড়ে নামিয়ে শ্লীলতাহানি ও বেধড়ক মারধরের গুরুতর অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে পিস্তলের বাঁটের নির্মম আঘাতে রক্তাক্ত হয়েছেন তরুণীর দাদা ও ভাইপো।

হর্ন বাজাতেই ‘পকাই’-এর দাদাগিরি ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে আটটা থেকে পৌনে ন’টার মধ্যে। আক্রান্ত তরুণী ও তাঁর বন্ধু বাইকে করে নাগেরবাজার থেকে লেকটাউনের দিকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, রাস্তায় বেআইনিভাবে ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল কয়েকজন দুষ্কৃতী। পথ পরিষ্কার করার জন্য তরুণীর বন্ধু বাইকের হর্ন বাজালে খেপে ওঠে ‘পকাই’ নামে এক দুষ্কৃতী। “রাস্তা যতক্ষণ ইচ্ছা বন্ধ থাকবে” বলে হুঙ্কার দিয়ে বাইকের চাবি কেড়ে নেয় সে এবং তরুণীর বন্ধুকে পর পর সজোরে চড় মারে।

সরু গলিতে টেনে শ্লীলতাহানি, পিস্তল উঁচিয়ে হুমকি তরুণী প্রতিবাদ করলে চার দুষ্কৃতী মিলে তাঁকে জোর করে একটি সরু গলির দিকে টেনে নিয়ে যায়। সেখানে ধস্তাধস্তির মধ্যে তাঁর গলার সোনার চেন ছিঁড়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তরুণী নিজের মোবাইলে দুষ্কৃতীদের এই তাণ্ডব ক্যামেরাবন্দি করেছিলেন। কিন্তু পিস্তল উঁচিয়ে সোজা প্রাণনাশের হুমকি দেওয়ায় চরম আতঙ্কে তিনি ভিডিও ডিলিট করতে বাধ্য হন।

মাথায় পিস্তলের বাঁটের কোপ, পুলিশি অ্যাকশন তরুণীর চিৎকার শুনে তাঁর দাদা ও ভাইপো বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলে দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সঙ্গে থাকা পিস্তলের বাঁট দিয়ে তাঁদের মাথায় ও মুখে সজোরে আঘাত করা হয়, যার ফলে রক্তারক্তি কাণ্ড ঘটে।

ঘটনার পরই নাগেরবাজার থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত ‘পকাই’ ও তার বাকি সহযোগীরা এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা জুড়ে এখন থমথমে পরিবেশ ও চরম আতঙ্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *