৩ তলার বন্ধ শৌচালয়, দরজা ভাঙতেই মিলল পুলিশ কমান্ডোর ঝুলন্ত দেহ

কলকাতার পুলিশ প্রশিক্ষণ স্কুলের (পিটিএস) ভেতরে চরম চাঞ্চল্য। কমব্যাট ব্যাটালিয়নের এক কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পিটিএস চত্বরে। মৃত পুলিশকর্মীর নাম দীপক তামাং, যিনি এএসআই (ASI) পদমর্যাদায় কর্মরত ছিলেন।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পিটিএসের কমান্ডো ব্যারাকের তিন তলার শৌচালয়টি ভেতর থেকে বেশ কিছুক্ষণ বন্ধ থাকতে দেখেন দীপকের সহকর্মীরা। বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ মেলেনি। এতেই সন্দেহ গভীর হয় সহকর্মীদের। বাধ্য হয়ে দরজা ভাঙা হলে ভেতরে দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য— গামছার ফাঁস লাগিয়ে শৌচালয়ের পাইপলাইন থেকে ঝুলছে দীপকের দেহ।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই মৃত কমান্ডোর পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর এটি আত্মহত্যার ঘটনা বলেই অনুমান করছে পুলিশ। তবে কী কারণে তিনি এই চরম পথ বেছে নিলেন, সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি। অবসাদ নাকি অন্য কোনো নেপথ্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।