পাক জঙ্গিদের ছকেই হামলা! পাঞ্জাবে পুলিশকর্তা খুনে অভিযুক্ত এনকাউন্টারে খতম

পাক জঙ্গিদের ছকেই হামলা! পাঞ্জাবে পুলিশকর্তা খুনে অভিযুক্ত এনকাউন্টারে খতম

অমৃতসর: পাঞ্জাবে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) হরজিৎ সিং হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। পুলিশের সঙ্গে রাতে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন মূল অভিযুক্ত দীপক সিং। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করছিল একটি পাকিস্তানি জঙ্গি সংগঠন।

গত শুক্রবার পাঞ্জাবের রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হরজিৎ সিংকে। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ, টাওয়ার-ডাম্প বিশ্লেষণ ও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অমৃতসরের মুলচকের বাসিন্দা দীপক সিংয়ের যুক্ত থাকার প্রমাণ মেলে।

শনিবার রাত পৌনে ১০টা নাগাদ স্থানীয় একটি চেকপয়েন্ট দিয়ে দীপক ও তার সহযোগীর যাওয়ার খবর পেয়ে পুলিশ বিশেষ ফাঁদ পাতা শুরু করে। দূর থেকে পুলিশ বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় দীপক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে অন্ধকার কাজে লাগিয়ে দীপকের সঙ্গী এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি .৩০ বোরের পিস্তল, দু’টি ম্যাগাজ়িন, ৮টি তাজা কার্তুজ, একটি মোবাইল এবং একটি স্কুটার উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাক জঙ্গি সংগঠন টাকার লোভ দেখিয়ে দীপকদের দিয়ে এই হামলা চালিয়েছিল। পলাতক দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *