শিক্ষক নিয়োগের আগেই SSC-তে বড় রদবদল! আঞ্চলিক কমিশনের রাশ এবার আমলাদের হাতে

শিক্ষক নিয়োগের আগেই SSC-তে বড় রদবদল! আঞ্চলিক কমিশনের রাশ এবার আমলাদের হাতে

কলকাতা: আসন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে গতিশীল, স্বচ্ছ ও বিতর্কমুক্ত রাখতে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) আঞ্চলিক কাঠামোর প্রশাসনিক রাশ শক্ত করতে রাজ্যের পাঁচটি আঞ্চলিক কমিশনের চেয়ারম্যান-ইন-চার্জ হিসেবে পাঁচ অভিজ্ঞ ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিককে নিয়োগ করা হয়েছে।

অতীতে শিক্ষক নিয়োগ ঘিরে একের পর এক আইনি জটিলতা ও বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল কমিশনকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই শীর্ষ প্রশাসনিক স্তরে আমলা-নির্ভর মডেলে আস্থা রাখা হচ্ছে। আগে আঞ্চলিক কমিশনগুলির প্রধান পদে সাধারণত শিক্ষাজগত বা শাসকদল ঘনিষ্ট ব্যক্তিদের দেখা যেত। তবে গত জুন মাসে পাঁচ আঞ্চলিক প্রধানের ইস্তফার পর সাময়িকভাবে জেলা স্কুল পরিদর্শকরা (DI) বাড়তি দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই অস্থায়ী ব্যবস্থার অবসান ঘটিয়ে এবার স্থায়ী স্বচ্ছতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আনতে সরাসরি সরকারি আমলাদের হাতেই এই দায়িত্ব সঁপে দিল নবান্ন।

কোন অঞ্চলের দায়িত্বে কারা?

  • কলকাতা: কাসবেরী ঘোষ
  • বারাসাত: শ্রাবন্তী দাস
  • বর্ধমান: পূর্ণিমা দে
  • বাঁকুড়া: মিঠু সরকার
  • মালদা: প্রলয় রায়চৌধুরী

উল্লেখ্য, ইতিপূর্বেই কমিশনের সচিব পদে ডব্লিউবিসিএস আধিকারিকদের বসানো হয়েছিল। এবার আঞ্চলিক কমিশনের মূল পদেও সরাসরি প্রশাসনিক ক্যাডারের অফিসারদের বসিয়ে কমিশন স্পষ্ট বার্তা দিল—আগামী দিনে নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নিয়োগ প্রক্রিয়াই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক মহলের একাংশের মতে, নিয়োগ শুরুর ঠিক মুখে নবান্নের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *