নন্দীগ্রামে ভোটের আগেই ‘হলফনামা’ বিতর্ক! বিজেপি প্রার্থীর বয়স-শিক্ষা নিয়ে তোপ কংগ্রেসের

নন্দীগ্রামে ভোটের আগেই ‘হলফনামা’ বিতর্ক! বিজেপি প্রার্থীর বয়স-শিক্ষা নিয়ে তোপ কংগ্রেসের

নন্দীগ্রাম: বিধানসভা উপনির্বাচনের বাদ্যি বাজতেই গরম নন্দীগ্রামের রাজনীতির ময়দান। এবার বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় তথ্য সংক্রান্ত অমিল ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতায় ‘গুরুতর অসঙ্গতি’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, সমস্ত দাবিকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে বিজেপি।

কী অভিযোগ কংগ্রেসের? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি, নির্বাচনী হলফনামায় বিজেপি প্রার্থী হাসিরানি রথ নিজের বয়স উল্লেখ করেছেন ৬০ বছর। অথচ সেই একই নথিতে তিনি মাধ্যমিক পাশের সাল লিখেছেন ১৯৬৫! ফলে বয়সের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সালের কোনো হিসেব মিলছে না। পাশাপাশি, তাঁর উল্লেখিত স্কুল ‘চৌখালি গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠ’-এর তৎকালীন অনুমোদন এবং দশম শ্রেণীর পরীক্ষা নিয়েও প্রশ্ন তুলেছে হাত শিবির।

পাল্টা কী সাফাই বিজেপির? কংগ্রেসের এই সুর চড়ানোকে ‘ব্যর্থ প্রয়াস’ বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে:

  • মুদ্রণগত ত্রুটি: হলফনামায় ভুলটি নেহাতই একটি প্রিন্টিং বা টাইপিং মিস্টেক।
  • জন্মের শংসাপত্র: বিজেপি প্রার্থীর স্কুলের শংসাপত্র অনুযায়ী তাঁর প্রকৃত জন্মতারিখ ৮ জুন, ১৯৬৫। সেই হিসেবে তিনি ১৯৮০ সালে দশম শ্রেণীতে পড়তেন।
  • পরীক্ষা ও যোগ্যতা: প্রার্থীর নির্বাচনী দপ্তরের বক্তব্য, হাসিরানি রথ ওই বিদ্যালয় থেকেই তৎকালীন সময়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিলেন। সেই সময়কার শিক্ষাব্যবস্থার ভিত্তিতেই হলফনামায় ১০ম শ্রেণী উত্তীর্ণের তথ্য দেওয়া হয়েছে, যার যাবতীয় নথি স্কুলের কাছে রয়েছে।

বিজেপির স্পষ্ট দাবি, নির্বাচনী নথিতে কোনো অসত্য তথ্য দেওয়া হয়নি। উপনির্বাচনের মুখে বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *