নাবালকদের ফেসবুক-ইনস্টাগ্রাম চালানো সম্পূর্ণ বেআইনি? কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের!

নয়াদিল্লি: ১৮ বছরের কম বয়সি নাবালকরা নিজের ইচ্ছামতো ফেসবুক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলছে? তবে সাবধান! দেশের সর্বোচ্চ আদালত এবার এই বিষয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক পর্যবেক্ষণ পেশ করেছে।
এনজিও ‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’-এর দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ কেন্দ্র সরকারকে এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নিতে বলেছে।
আইনের চোখে চুক্তি বাতিল: শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচী ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট’-এর ১১ নম্বর ধারার কথা মনে করিয়ে দেন। তিনি জানান, যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে গেলে যে ‘টার্মস অফ সার্ভিস’ মেনে নিতে হয়, তা মূলত একটি আইনি চুক্তি। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী, কোনো নাবালক (১৮ বছরের কম বয়সি) আইনি চুক্তিতে সই করতে পারে না। ফলে নাবালকদের করা এই চুক্তি শুরু থেকেই সম্পূর্ণ বেআইনি ও অকার্যকর।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিষয়টি সত্যিই একটি বাতিল চুক্তি এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
অনলাইন বিপদের আশঙ্কায় শীর্ষ আদালত: মামলায় উল্লেখ করা হয়, অভিভাবকের নজরদারি বা সঠিক বয়স যাচাই (Age Verification) না থাকায় শিশুরা ক্রমশ অনলাইন সাইবার বুলিং, গ্রুমিং এবং ব্যক্তিগত তথ্য চুরির মতো অপরাধের শিকার হচ্ছে। তাই আদালতের দাবি, এই বয়সসীমার নিয়মটি শুধু নির্দেশিকা না রেখে একটি বাধ্যতামূলক আইনি রূপ দেওয়া উচিত, যাতে অভিভাবকের অনুমতি ছাড়া নাবালকরা স্বাধীনভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারে।