মাথার উপর পাকা ছাদ! চটকল শ্রমিকদের জন্য রাজ্য সরকারের বড় স্বস্তি

মাথার উপর পাকা ছাদ! চটকল শ্রমিকদের জন্য রাজ্য সরকারের বড় স্বস্তি

জরাজীর্ণ ঘর আর স্যাঁতসেঁতে শ্রমিক কোয়ার্টারের দিন এবার শেষ হতে চলেছে। ব্যারাকপুর থেকে হুগলির শিল্পাঞ্চলের হাজার হাজার চটকল শ্রমিকের জন্য বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার। কম খরচে স্থায়ী ও নিরাপদ বাসস্থান গড়ে তুলতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা–আরবান ২.০’ (PMAY-U 2.0)-এর অধীনে বিশেষ আবাসন প্রকল্প শুরু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হচ্ছে।

কারা পাবেন এই সুবিধা?

  • আয়ের সীমা: যে সমস্ত চটকল শ্রমিক পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে, তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন।
  • পাকা বাড়ি থাকা চলবে না: আবেদনকারী বা তাঁর পরিবারের নামে দেশের কোথাও নিজস্ব পাকা বাড়ি থাকা যাবে না।

কেমন হবে নতুন আবাসন? এক একটি আবাসিক ইউনিটের আয়তন হবে ৩০ থেকে ৪৫ বর্গমিটার। প্রতিটি ফ্ল্যাটে শ্রমিক পরিবারের সুবিধার্থে ২টি ঘর, রান্নাঘর এবং একটি শৌচাগার থাকবে।

জমি চিহ্নিতকরণ ও আবেদন প্রক্রিয়া: উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভা এলাকায় আইনি জটিলতামুক্ত জমির সন্ধান শুরু হয়েছে। পুরসভাগুলি এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে। অন্যদিকে, হুগলিতে শ্রম কমিশনারের সহায়তায় বিশেষ ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হবে।

শ্রম দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ৮,০০০ শ্রমিক এই প্রকল্পের প্রতি প্রবল আগ্রহ দেখিয়েছেন। জেলা প্রশাসন, পুরসভা, মিল কর্তৃপক্ষ এবং ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে সমন্বয় রেখেই চূড়ান্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে। এই প্রথম পর্ব সফল হলে আগামী দিনে রাজ্যের অন্যান্য চটকল অঞ্চলেও এই আবাসন মডেল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *