‘ইন্ডিয়া জোট শেষ, দিল্লিতে দেশবিরোধীদের সঙ্গে ছক কষছেন মমতা!’ বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে ফের রাজ্য রাজনীতিতে চড়ল পারদ। ‘ইন্ডিয়া জোট’ আগেই শেষ হয়ে গেছে দাবি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, বর্তমানে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী ‘দিমাগি নকশাল’ এবং ‘আজাদি’ স্লোগান দেওয়া গোষ্ঠীর সঙ্গে দেশবিরোধী ছক কষছেন।
‘একদিকে জামাত, অন্যদিকে দিমাগি নকশাল’ সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হাতে রয়েছে জামাত এবং অন্য হাতে দিমাগি নকশাল। জামাতই এখন দিমাগি নকশালদের মূল মন্ত্র যোগাচ্ছে।” দিল্লির বুধে ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে কোনো দেশবিরোধী শক্তি দেখা করতে না পারে, সেজন্য কেন্দ্রের কাছে কড়া নজরদারির আর্জি জানান তিনি।
ভোটার তালিকা সংশোধন ও সংবিধান বিতর্ক রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নেন বিরোধী দলনেতা। তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখ নামের প্রসঙ্গে শুভেন্দু বলেন, এই নামগুলো কোনো সরকারি আধিকারিক বাদ দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পর, শীর্ষ আদালত সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে জেলা বিচারকদের নিয়োগ করে। সেই বিচারকদের পর্যবেক্ষণে যুক্তিসঙ্গত গরমিল পেয়েই নামগুলো বাদ দেওয়া হয়েছে।
শুভেন্দুর স্পষ্ট দাবি, এই প্রক্রিয়ার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিচারব্যবস্থা এবং বাবাসাহেব আম্বেদকরের রচিত সংবিধানকেই চ্যালেঞ্জ করছেন।