“ভ্যানিশ কুমার পদত্যাগ করুন!” নির্বাচন কমিশনকে কড়া তোপ দিল্লির মঞ্চ থেকে মমতার

দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের হাইভোল্টেজ বৈঠকের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুলে সরাসরি আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি।
বুধবার দিল্লির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন মমতা। নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি ও ‘SIR’ ইস্যু তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনারকে নিজের চেনা ভঙ্গিতেই ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, “এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে ভ্যানিশ কুমার আসলে চোর! উনি ডাকাত।”
মমতার বিস্ফোরক অভিযোগ, অতীতে বিহারসহ বিভিন্ন রাজ্যে যেভাবে ভোট চুরি করা হয়েছে, একই কায়দায় এবার পশ্চিমবঙ্গকেও নিশানা করা হচ্ছে। তাঁর তোপ, “ভোট চুরি করা হয়েছে, ইভিএম হাইজ্যাক করা হয়েছে, কাউন্টিং মেশিন রিগিং করা হয়েছে। ওঁর উচিত এখনই পদত্যাগ করা।”
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার বাঁচানোর স্বার্থে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় মমতা স্পষ্ট জানিয়ে দেন— যদি তিনি সরে না দাঁড়ান, তবে এই প্রতিবাদ কেবল রাস্তায় সীমাবদ্ধ থাকবে না; আন্দোলন ছড়িয়ে পড়বে “মাটি থেকে আকাশ, চাঁদ, সূর্য পর্যন্ত।”
নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জাতীয় স্তরে বিরোধী দলগুলির এই ঐক্যবদ্ধ আক্রমণ আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।