আম্বানির বৈঠকের পরেই বাংলায় ধামাকা! নবান্নে হাজার হাজার কোটি লগ্নির মাস্টারপ্ল্যান

কলকাতা: বাংলায় শিল্পায়ন ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বুধবার কলকাতার নবান্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যে নতুন বিনিয়োগ, শিল্পের দ্রুত সম্প্রসারণ এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) সূত্রে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
ঘাটাল সফর থেকে মেগা লগ্নির ইঙ্গিত সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্য সরকার শিক্ষা থেকে শুরু করে শিল্প—প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার আনতে বদ্ধপরিকর। খুব শীঘ্রই রিলায়েন্স গোষ্ঠীর হাত ধরে বাংলায় বিপুল অঙ্কের শিল্প বিনিয়োগ হতে চলেছে। সরকারের তরফে জানানো হয়, “মুম্বই থেকে টিম পাঠিয়েছে রিলায়েন্স, এ রাজ্যে তারা একাধিক ক্ষেত্রে বড় অঙ্কের লগ্নি করবে।”
‘অ্যান্টিলিয়া’য় বৈঠকের পর নয়া দিগন্ত উল্লেখ্য, এর আগে মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও ডিরেক্টর অনন্ত আম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় গিয়ে তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উচ্চপর্যায়ের আলোচনার ওপর ভিত্তি করেই বাংলায় ৫-৬টি নতুন ক্ষেত্রে রিলায়েন্সের বিনিয়োগের পথ প্রশস্ত হয়। ‘রাইজিং ভারত সামিট’-এর মঞ্চ থেকেও ঘোষণা করা হয়েছিল যে, আম্বানি পরিবার বাংলায় ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর হাব তৈরিতে বড় বিনিয়োগ করতে চলেছে।
মে মাসে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে নতুন শিল্প গঠন ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। রিলায়েন্সের এই সম্ভাব্য বিনিয়োগ আগামী দিনে বাংলার অর্থনৈতিক মানচিত্রে এক ইতিবাচক বদল আনবে বলেই মনে করছে শিল্প ও রাজনৈতিক মহল।