উৎসবের মরশুমে বড় ধাক্কা, অক্টোবরে ১২ দিন বন্ধ থাকবে রেশন দোকান, ভোগান্তি এড়াতে বিশেষ পরামর্শ

উৎসবের মাস অক্টোবরে টানা ১২ দিন বন্ধ থাকতে চলেছে রেশন দোকান পরিষেবা। অনলাইন পরিচালনা ব্যবস্থার কারণে প্রতি মাসের প্রথম ও শেষ দিন গ্রাহকদের খাদ্য সরবরাহ বন্ধ থাকে। এর সঙ্গে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, মহালয়া, দুর্গাপূজার সপ্তমী থেকে দশমী, লক্ষ্মীপূজা এবং সোমবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১২ দিন মিলবে না রেশন। ফলে ছুটি কাটিয়ে আগামী ৩ অক্টোবর থেকে গ্রাহকরা অক্টোবর মাসের বরাদ্দ খাদ্য সংগ্রহ করতে পারবেন।
অনলাইন ব্যবস্থার প্রযুক্তিগত সমস্যা এবং ছুটির দীর্ঘ তালিকার কথা মাথায় রেখে গ্রাহকদের আগেই রেশন তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু পরামর্শ দিয়েছেন, ১৮ অক্টোবর মহাসপ্তমীর পূর্বেই যেন সকলে নিজেদের খাদ্যদ্রব্য সংগ্রহ করে নেন। উল্লেখ্য, রাজ্য সরকারি কার্যালয়ে ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছুটির মধ্যে যেদিনগুলি এনআই অ্যাক্টের আওতাভুক্ত, সেগুলিতে রেশন দোকান সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।