বক্সার গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গলের রাজকীয় প্রত্যাবর্তন, ঐতিহাসিক পদক্ষেপে চাঞ্চল্য উত্তরবঙ্গে

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকালে সেনাবাহিনীর বিশেষ কার্গো বিমানে বিহারের বাল্মীকী ফরেস্টে ধরা পড়া বাঘিনিকে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে আনা হয়েছে। বিমান অবতরণের পর এক ঘণ্টা বিশ্রাম দিয়ে গ্রিন করিডরের মাধ্যমে ৩৭ কিলোমিটার দূরে বক্সার ২৫ মাইল জঙ্গলে নিয়ে যাওয়া হয় প্রাণীটিকে। সেখানে ২.২ হেক্টরের একটি বিশেষ এনক্লোজারে আপাতত রাখা হয়েছে বাঘিনিকে। তার শিকারের জন্য সাতটি চিতল হরিণ ও পানের জলের সুব্যবস্থা করা হয়েছে। বাঘিনির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন বন্যপ্রাণী চিকিৎসকেরা।
আগামী কাল, ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন সকাল ৯টা নাগাদ আনুষ্ঠানিকভাবে এটিকে বক্সার গভীর জঙ্গলে উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে বাঘিনিটিকে জঙ্গলে ছাড়বেন। সাধারণ মানুষের দেখার সুবিধার্থে শহরের প্যারেড গ্রাউন্ডে জায়ান্ট স্ক্রিনে পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হবে। বনদপ্তর জানিয়েছে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা ও বংশবৃদ্ধির জন্য দ্রুতই আরও একটি বাঘ ও পরে একটি বাঘিনি আনার পরিকল্পনা রয়েছে।