দক্ষিণ কলকাতার নামী স্কুলে সহপাঠীকে ছুরি মারার অভিযোগ! জুভেনাইল বোর্ডের নির্দেশে খুনের চেষ্টার মামলা

দক্ষিণ কলকাতার নামী স্কুলে সহপাঠীকে ছুরি মারার অভিযোগ! জুভেনাইল বোর্ডের নির্দেশে খুনের চেষ্টার মামলা

দক্ষিণ কলকাতা: ক্লাসরুমে সহপাঠীর উপর ছুরি দিয়ে হামলার ঘটনায় উত্তপ্ত দক্ষিণ কলকাতার এক নামজাদা বেসরকারি স্কুল। ঘটনাটি ঘিরে গড়িয়াহাট থানায় খুনের চেষ্টার অভিযোগে (BNS ১০৯ ধারা) এফআইআর দায়ের করেছে পুলিশ। জুভেনাইল জাস্টিস বোর্ডের (JJB) নির্দশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, তবে বোর্ডে হাজির করতে হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নবম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। বইয়ের পাতা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ হঠাৎই এক ছাত্র তার ব্যাগ থেকে ছুরি বের করে সহপাঠীর ওপর হামলা চালায়। ক্লাসে শিক্ষক উপস্থিত থাকাকালীনই ঘটে এই রক্তারক্তি কাণ্ড।

আক্রান্ত ছাত্রকে দ্রুত উদ্ধার করে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ই.এম. বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহত পড়ুয়ার লিখিত বয়ান নথিভুক্ত করেছে।

ঘটনার পরই অভিযুক্ত ছাত্রের এক দফা কাউন্সেলিং করানো হয় এবং তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়। বোর্ডের পরবর্তী নির্দেশ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ক্লাসরুমের ভেতরে ছাত্রের ব্যাগে কীভাবে ছুরি এলো, তা নিয়ে চিন্তিত অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *