‘বিধি উঠলেই সব সাহায্য করব’, রেজিনগরে নিহত শিশুর পরিবারের হাত ধরলেন মুখ্যমন্ত্রী

‘বিধি উঠলেই সব সাহায্য করব’, রেজিনগরে নিহত শিশুর পরিবারের হাত ধরলেন মুখ্যমন্ত্রী

রেজিনগর: ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ৬ বছরের ছোট্ট জেসমিনা খাতুন। বৃহস্পতিবার রেজিনগরে গিয়ে সেই নিহত শিশুর বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দেন তিনি।

নির্বাচনী প্রচারে রেজিনগরে এসে সরাসরি জেসমিনার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং জেসমিনার দিদির পড়াশোনার বিষয়েও আলোচনা করেন। বর্তমানে নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) চালু থাকায় তাৎক্ষণিকভাবে সরকারি সহায়তা দেওয়া সম্ভব নয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের পাশে আছি। ৯ অক্টোবরের পর বিধি উঠে গেলেই যা করার করব।” একই সঙ্গে পরিবারের নাম ও ফোন নম্বর জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। পরিবারের এক সদস্য আর্থিক সাহায্যের আবেদন জানালে মুখ্যমন্ত্রী ধাপে ধাপে সব পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, গত রবিবার রেজিনগরের লোকনাথপুর এলাকায় ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের এক প্রচার মিছিল চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। মিছিলের হুডখোলা গাড়ি থেকে চকলেট ও লজেন্স ছিটানো হচ্ছিল। তা কুড়াতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যায় ৬ বছরের জেসমিনা। পরিবারের অভিযোগ, মিছিলের পেছনে থাকা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই করুণ মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারের সময়ে ভিড় নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *