নবান্নের হাইপ্রোফাইল নিরাপত্তা এড়িয়ে পূর্তমন্ত্রীর ঘরে পিএমও কর্মী, ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে গ্রেফতার রহস্যময়ী

রাজ্য প্রশাসনিক সদর দফতর নবান্নের কঠোর নিরাপত্তা বলয় টপকে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দারের দফতরে ঢুকে পড়েন এক রহস্যময়ী মহিলা। নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও-র উচ্চপদস্থ কর্মী হিসেবে পরিচয় দিয়ে মন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের ওই মহিলা। তবে কথোপকথনের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী। গোপন তথ্য ও নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতেই বিপদ বুঝে তড়িঘড়ি নবান্ন চত্বর থেকে চম্পট দেন ওই ভুয়া আধিকারিক।
ঘটনার পরপরই শিবপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রতারণার মামলা রুজু করে তদন্তে নামে হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে, নবান্ন থেকে পালিয়েই ওই মহিলা দিল্লির বিমান ধরেন। শিবপুর থানার এক মহিলা সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে বিশেষ পুলিশ দল সেন্ট্রাল দিল্লিতে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে এনে জেরার প্রস্তুতি চলছে। এই ভুয়া প্রবেশের নেপথ্যে কোনো বড় ষড়যন্ত বা অন্য কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।