“ফলতাকেও ছাপাবে রেজিনগরের ব্যবধান!” শুভেন্দুর হুঙ্কারে কাঁপল তৃণমূল

“ফলতাকেও ছাপাবে রেজিনগরের ব্যবধান!” শুভেন্দুর হুঙ্কারে কাঁপল তৃণমূল

রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক বিশাল জনসভা থেকে আত্মবিশ্বাসের সুর চড়িয়ে তিনি দাবি করেন, “রেজিনগরের মানুষ এবার সরকারের সাথে থাকবেন।” কেবল জয় নয়, রেজিনগরে বিজেপির জয়ের ব্যবধান আগের সমস্ত রেকর্ড ভেঙে ফলতাকেও ছাপিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

জনসভা থেকে শুভেন্দু স্পষ্ট জানান, “শুধু সময়ের অপেক্ষা, শাখারভ সরকার জেতার পর আমার সাথেই বিধানসভায় প্রবেশ করবেন। কেউ এই জয় আটকাতে পারবে না। রেজিনগরের মানুষ সম্প্রীতি ও উন্নয়ন চান, সম্প্রদায়ের বিভাজনের রাজনীতি চান না।”

বিরোধীদের তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ৩৪ বছর রাজ্য শাসন করা বামেরা এখন বিধানসভায় ধুলিস্যাৎ, আর কংগ্রেসের অবস্থাও অত্যন্ত নড়বড়ে। একই সঙ্গে তৃণমূল নেত্রীকে নিশানা করে তিনি বলেন, “১৫ বছর রাজ্য চালানো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভোটে হারিয়েছি।” রাজ্যে টাকা চুরি, আবাস যোজনায় দুর্নীতি, চাকরি বিক্রি এবং শিল্প ধ্বংসের জন্য তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

তৃণমূল নেতা হুমায়ুন কবিরের কুরুচিকর মন্তব্যের সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন, “রাজনীতিতে বাকযুদ্ধ, তর্ক ও সমালোচনা থাকবে। কিন্তু প্রতিপক্ষের অকল্যাণ বা মৃত্যু কামনা করা আমাদের সংস্কৃতি নয়। আমরা শত্রুকেও এমন কথা বলি না। রেজিনগরের বিবেকবান মানুষের কাছেই এই অপসংস্কৃতির বিচারের ভার দিয়ে গেলাম।”

তৃণমূলের বর্তমান অভ্যন্তরীণ সংকট তুলে ধরে তিনি দাবি করেন, জোড়াফুল শিবিরের সিংহভাগ বিধায়কই এখন দলের নীতি মানেন না। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন গরুর গাড়ির হেডলাইটের মতো দিশাহীন। পশ্চিমবঙ্গের কোথাও এদের নাম-নিশানা থাকবে না।”

বক্তব্যের শেষে, সম্প্রতি এক পথ দুর্ঘটনায় মৃত ছয় বছরের এক শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শুভেন্দু। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি চালু থাকায় এখন সাহায্য করা সম্ভব না হলেও, বিধি উঠে গেলেই সরকার ও দলের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *