ডলারের সাপেক্ষে ফের পতন! আরও কমল টাকার দাম
October 2, 20266:49 am

বিশ্ববাজারে অশোধিত তেলের চড়া দামের ধাক্কায় আমেরিকান ডলারের বিপরীতে ভারতীয় টাকার দরপতন অব্যাহত। বৃহস্পতিবার বাজার লেনদেনের শেষে ডলারের সাপেক্ষে আরও বেশ কিছুটা নীচে নেমে গিয়েছে টাকার দাম। এদিন এক ধাক্কায় ৩৭ পয়সা কমে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দর দাঁড়িয়েছে ৯৬.৩১ টাকায়।
মুদ্রা বাজার বিশেষজ্ঞদের মতে, গত দু’মাসের মধ্যে এটাই টাকার সবচেয়ে সর্বনিম্ন দাম। সপ্তাহের চতুর্থ দিনে লেনদেন শুরুর পর থেকেই ডলারের শক্তিবৃদ্ধির কারণে টাকার ওপর চাপ বাড়তে থাকে এবং তা ফের ৯৬ টাকার গণ্ডি পার করে যায়। বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিশ্বজুড়ে অপরিশোধিত আকরিক তেলের আকাশছোঁয়া দামই দীর্ঘদিন ধরে ভারতীয় মুদ্রার মান এভাবে পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ।