পুজোয় মন্দারমণিতে ঘুরতে যাওয়ার আগে সাবধান, সৈকতের ২ কিলোমিটার এখন ‘রেড জোন’!

আসন্ন দুর্গাপুজোর মরশুমে পর্যটকদের সুরক্ষায় কড়া পদক্ষেপ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মন্দারমণি উপকূল থানা। সাম্প্রতিক সময়ে সমুদ্রের জলে তলিয়ে অন্তত পাঁচ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিপজ্জনক মোহনা এলাকা ও ৩ নম্বর ঘাট সংলগ্ন প্রায় দুই কিলোমিটার অঞ্চলজুড়ে বাঁশের ব্যারিকেড, দড়ি এবং লাল ফিতে দিয়ে ঘেরা হয়েছে। কোনো পর্যটক যেন নির্ধারিত সীমানা অতিক্রম করে সমুদ্রের ঝুঁকিপূর্ণ অংশে নেমে না পড়েন, সে উদ্দেশ্যে এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একইসঙ্গে দিঘা ও মন্দারমণির সমুদ্রসৈকতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাটগুলোতে পুলিশ, সিভিক ভলান্টিয়ার, উদ্ধারকারী দল ও নুলিয়াদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পুলিশ সুপার অংশুমান সাহা জানান, নিরাপত্তারক্ষীদের সংখ্যা ৬০-৬৫ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হয়েছে এবং সমুদ্র উদ্ধারকাজে তাঁদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য যুক্ত করা হচ্ছে নতুন স্পিডবোট। জেলা প্রশাসন পর্যটকদের সতর্ক ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে ভ্রমণ উপভোগ করার বিশেষ অনুরোধ জানিয়েছে।