হাইকোর্টের ছাদে দুর্গাপুজো ও মন্দির গড়ার আর্জি, মামলা খারিজ করে কী পর্যবেক্ষণ রাজ্যের শীর্ষ আদালতের?

কলকাতা হাইকোর্টের ছাদে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে প্রার্থনার অনুমতি দেওয়া হলে, সেখানে কেন দুর্গাপুজো বা ‘ভারত মাতা’র মন্দির তৈরির অনুমতি দেওয়া হবে না—এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সঞ্জয় ঘোষ। সংবিধানে উল্লেখিত ধর্মীয় নিরপেক্ষতা ও সমান অধিকারের নীতি তুলে ধরে তিনি এই দাবি জানান। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ শুনানিতে হাইকোর্টের ছাদে আদৌ কোনো ধর্মীয় প্রার্থনা হয় কি না, তা খতিয়ে দেখতে রেজিস্ট্রারের কাছে সরেজমিন পরিদর্শনের রিপোর্ট তলব করে।
তবে পরবর্তীতে মামলাটি জনস্বার্থের আওতায় পড়ে কি না, তা নিয়ে গুরুত্ব সহকারে বিচার করে শীর্ষ আদালত। বিস্তারিত শুনানির পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই ধরনের আবেদনকে জনস্বার্থের বিষয় হিসেবে গণ্য করা যায় না। এই পর্যবেক্ষণের ভিত্তিতে হাইকোর্টের ছাদে দুর্গাপুজোর অনুমতি চেয়ে করা মামলাটি খারিজ করে দেয় আদালত। ফলে আইনি জটিলতার অবসান ঘটিয়ে ছাদে দুর্গাপুজো ও মন্দির নির্মাণের আর্জি শেষ পর্যন্ত আদালতের অনুমোদন পায়নি।