জলমগ্ন ঘাটালে ভাসছে ৭৫টি দুর্গাপুজো মণ্ডপ, শেষ মুহূর্তে কীভাবে হবে প্রস্তুতি?

জলমগ্ন ঘাটালে ভাসছে ৭৫টি দুর্গাপুজো মণ্ডপ, শেষ মুহূর্তে কীভাবে হবে প্রস্তুতি?

শিয়রে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, অথচ চরম বন্যা পরিস্থিতিতে থমকে গিয়েছে ঘাটাল মহকুমার পুজোর প্রস্তুতি। মহকুমা জুড়ে প্রায় ৭৫টি পুজো মণ্ডপ বর্তমানে জলের তলায়, যার মধ্যে কেবল ঘাটাল শহরেই রয়েছে ২৫টি মণ্ডপ। ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি এবং ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ জলমগ্ন। মণ্ডপ তৈরির কাজ শুরু করতে জল নামার অপেক্ষায় থাকতে হবে অন্তত আরও দশ দিন। সময়ের এমন টানাটানিতে কীভাবে দ্রুত মণ্ডপ গড়ে তোলা সম্ভব, তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা ও গভীর চিন্তায় দিন কাটাচ্ছেন পুজো উদ্যোক্তা, ডেকোরেটর্স ও প্যান্ডেল ব্যবসায়ীরা।

ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান, দ্রুত জল বের করার চেষ্টা চললেও প্রকৃতির রোষে পুজোর প্রস্তুতি চরম বিপর্যয়ের মুখে। বাণেশ্বর মন্দির পুজো কমিটির কর্মকর্তা প্রদীপ সাহা আফসোসের সাথে জানান, মণ্ডপের সামনে দিয়েই এখন নৌকা চলাচল করছে। এছাড়া চাউলি যুব, রামচন্দ্রপুর, গড় প্রতাপনগর, তিনের পল্লি ও খড়ার দলপতিপুরের মতো একের পর এক বড় পুজো মণ্ডপ প্লাবিত। জল কমার পর অত্যন্ত কম সময়ে প্যান্ডেল দাঁড় করানো প্রায় আসাম্ভব বলে মনে করছেন ডেকোরেশন কর্মী মিলন পোড়ের মতো শিল্পীরা। বন্যার এই কঠিন বাস্তবে ঘাটালের মানুষের মনের উৎসবের আমেজও এবার পুরোপুরি ফিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *