প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক সেজে গোপন তথ্য হাতানোর চেষ্টা, দিল্লি থেকে গ্রেফতার মহিলা
/indian-express-bangla/media/media_files/2026/10/02/pmo-officer-posing-woman-arrested-for-entering-nabanna-seeking-information-2026-10-02-11-17-04.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
পশ্চিমবঙ্গের প্রশাসনিক সদর দফতর নবান্নে নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)-এর উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে প্রবেশ এবং সরকারি তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে দিল্লির বাসিন্দা আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পূর্বনির্ধারিত কর্মসূচির অছিলায় পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার ও দফতরের একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ওই অভিযুক্ত। তবে তাঁর সন্দেহজনক কথাবার্তা ও আচরণে কর্তৃপক্ষের মনে সংশয়ের সৃষ্টি হয়। পরিচয় যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হতেই পূর্ত দফতরের পক্ষ থেকে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশ প্রযুক্তিগত নজরদারি চালিয়ে দিল্লিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং বিশেষ দল পাঠিয়ে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিল্লির আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে তাঁকে রাজ্যে ফিরিয়ে আনা হয়। এদিন সকালে বিমানে কলকাতায় এনে তাঁকে শিবপুর থানায় রাখা হয়েছে এবং হাওড়া আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার নেপথ্য কোনো আন্তঃরাজ্য চক্র, রাজনৈতিক যোগ কিংবা বিদেশি সংস্থার হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।