৩৭ লাখের অনুষ্ঠান ১ লাখ ৪৪ হাজারে! নজরুল মহোৎসবে ৩৬ লাখের ‘গরমিল’, চরম অস্বস্তিতে ইন্দ্রনীল সেন

৩৭ লাখের অনুষ্ঠান ১ লাখ ৪৪ হাজারে! নজরুল মহোৎসবে ৩৬ লাখের ‘গরমিল’, চরম অস্বস্তিতে ইন্দ্রনীল সেন

দুর্গাপুজোর প্রিভিউ শো-এর ভুয়ো পাস বিক্রি ও আর্থিক দুর্নীতির জল গড়ানোর মধ্যেই রাজ্য রাজনীতির চড়তে থাকা পারদ আরও বাড়িয়ে দিল নতুন বিতর্ক। শিশির মঞ্চে ‘নজরুল মহোৎসব’ উদযাপনের খরচের হিসাব সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। কাটগড়ায় রাজ্যের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তথ্য ও সংস্কৃতি দফতর।

এক বছরেই খরচে আকাশ-পাতাল তফাত তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব উদযাপনের জন্য মোট খরচ দেখানো হয়েছিল ৩৭ লাখ ৯২ হাজার ৫৩ টাকা। তৎকালীন সময়ে দফতরের দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন। কিন্তু চলতি বছরে ঠিক একই অনুষ্ঠান সম্পন্ন করতে খরচ হয়েছে মাত্র ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে একই সরকারি অনুষ্ঠানে প্রায় ৩৬ লক্ষ টাকার এই বিশাল তারতম্য ঘিরেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন অভিজ্ঞ মহল। খোদ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে এই সংক্রান্ত দুর্নীতির লিখিত অভিযোগ।

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অফিসারও অভিযোগের তীর শুধু সাবেক মন্ত্রীর দিকেই নয়, দফতরে কর্মরত একাধিক প্রভাবশালীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের তালিকায় রয়েছে শিশির মঞ্চের আধিকারিক তপন তরফদারের নাম। স্বজনপোষণ এবং প্রভাব খাটিয়ে নিজের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর দফতরে নালিশ জানানো হয়েছে।

লাগাতার অস্বস্তি ও ইডির স্ক্যানার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আইনি ও রাজনৈতিক অস্বস্তি যেন কিছুতেই কমছে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিমধ্যেই ইউনেসকোর নাম ভাঙিয়ে প্রতারণা এবং পুজোর ‘ভুয়ো টিকিট পাস’ কাণ্ড নিয়ে তদন্ত চালাচ্ছে। এছাড়া সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রীর মালিকানাধীন ‘অক্টেভ রেকর্ডস’ (Octave Records)-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেনও কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে রয়েছে।

একইসঙ্গে পর্যটন ও সংস্কৃতি দফতরের ৮৫ কোটি টাকার বেশি মূল্যের টেন্ডার বণ্টন এবং প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠ সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগেও জোরকদমে তদন্ত চালাচ্ছে ইডি। নজরুল মহোৎসবের এই পাহাড়প্রমাণ আর্থিক গরমিলের তথ্য সামনে আসায় পরিস্থিতি যে আরও জোরালো হলো, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *