ট্রেনের অপেক্ষার সময় কাটবে এবার দারুণ আনন্দে! শিয়ালদহ স্টেশনে আসছে চোখ ধাঁধানো বিনোদন ও শপিং কমপ্লেক্স

যাত্রীদের দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে এবং স্টেশনের পরিকাঠামো বদলে ফেলতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। শহরের অন্যতম ব্যস্ত শিয়ালদহ স্টেশনে শীঘ্রই গড়ে উঠছে একটি অত্যাধুনিক রিক্রিয়েশন কমপ্লেক্স। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি হতে যাওয়া এই কমপ্লেক্সে কেনাকাটার জন্য মুদিখানা থেকে শুরু করে পোশাক ও ইলেকট্রনিক্সের বিপণি থাকছে। পাশাপাশি যাত্রীদের বিনোদনের কথা মাথায় রেখে আধুনিক গেম জোন, মাল্টিপ্লেক্স এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের ফুড কোর্ট ও ক্যাফেটেরিয়া তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুধু বিনোদন বা কেনাকাটাই নয়, কয়েক ঘণ্টার জন্য বিশ্রামের উদ্দেশ্যে বিশেষ ‘স্লিপিং পড’-এর ব্যবস্থাও রাখা হচ্ছে এই কমপ্লেক্সে। ট্রেনের সময়ের আগে স্টেশনে পৌঁছানো বা সংযোগকারী ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। পূর্ব রেলের এই বহুমুখী প্রকল্পের মূল লক্ষ্য যেমন যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা, তেমনই টিকিট বিক্রির বাইরে নন-ফেয়ার রাজস্ব বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এর ফলে শিয়ালদহ স্টেশন একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্রে রূপায়িত হবে।