পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসিস না! অনুষ্কাকে সৃজলার কড়া জবাবের পরেই বেধে গেল তুমুল লড়াই!

‘বিগ বস বাংলা’র অন্দরে ক্রমশ বাড়ছে উত্তেজনা। সাম্প্রতিক একটি পর্বে রান্নাঘরের সাধারণ ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া বিতর্কে তীব্র সংঘর্ষে জড়ালেন প্রতিযোগী সৃজলা গুহ এবং ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা। দিনের শুরুতে চোখের ইশারা ও রান্নার কাজের তদারকি নিয়ে দুই প্রতিযোগীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অনুষ্কার অভিযোগ ছিল, সৃজলার ব্যবহার তাঁকে অপমানিত করেছে। যদিও সৃজলা সেই অভিযোগ উড়িয়ে দেন, তবে পরিস্থিতি চরমে পৌঁছয় যখন তিনি অনুষ্কাকে লক্ষ্য করে মন্তব্য করেন, “পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসিস না।”
এই তিক্ততা রাতের দিকে আরও তীব্র রূপ নেয়। শোবার ঘরে একটি টাস্ক নিয়ে আলোচনার সময় সৃজলার গলার আওয়াজ নিয়ে আপত্তি জানান অনুষ্কা। কথা কাটাকাটির এক পর্যায়ে অনুষ্কা সৃজলাকে ‘ইডিয়ট’ বলে আক্রমণ করলে বাকযুদ্ধ ব্যক্তিগত স্তরে নেমে আসে। এর জবাবে সৃজলা তাঁর বানান নিয়ে প্রশ্ন তোলেন এবং অনুষ্কা তাঁকে ‘বাজে অভিনেত্রী’ বলে তোপ দাগেন। সৃজলাও পাল্টা অনুষ্কার আক্রমণকে ‘বাজে স্ক্রিপ্ট’ বলে কটাক্ষ করেন। এই অনভিপ্রেত দ্বৈরথ ও বাকবিতণ্ডায় শোয়ের অন্দরে উত্তেজনা ও অস্বস্তি চরমে উঠেছে।