পাঞ্জাব সীমান্তে বড় সাফল্য! বিএসএফের গুলিতে খতম দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী! – এক ঝলক

একঝলক ডেস্ক:
পাঞ্জাবের তরন তারন সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। গভীর রাতে বিওপি রাজোকে এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মধ্যরাতে পাকিস্তানের চাট্টানওয়ালে এলাকা থেকে অন্তত তিনজন ব্যক্তি অবৈধভাবে ভারতীয় সীমানার দিকে এগিয়ে আসছিল। জওয়ানদের পক্ষ থেকে বারবার কড়া সতর্কতা জারি করা হলেও অনুপ্রবেশকারীরা সেই নির্দেশ সম্পূর্ণ অমান্য করে ক্রমাগত এগিয়ে যেতে থাকে। পরিস্থিতির তীব্রতা বুঝে বাধ্য হয়েই জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন।
এই আকস্মিক গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলেই দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। তবে অপর এক অনুপ্রবেশকারী অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পাকিস্তানের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের দিক থেকে লাগাতার অনুপ্রবেশের অপচেষ্টার প্রেক্ষিতে বর্তমানে ভারতীয় বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিএসএফের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে আন্তর্জাতিক সীমান্তে ভারতের সুরক্ষা ব্যবস্থা যে আরও সুদৃঢ় হয়েছে, তা বলাই বাহুল্য।