ট্রেনে ওঠার আগে এই জরুরি নিয়ম জানেন কি! সামান্য ভুলেই হতে পারে মোটা জরিমানা – এক ঝলক

একঝলক ডেস্ক:
রেলযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে এক মাসব্যাপী বিশেষ টিকিট চেকিং অভিযান শুরু হয়েছে। উৎসবের মরশুমে ট্রেনে ভিড় সামলাতে এবং বিনা টিকিটে ভ্রমণ রোধ করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নিয়মিত ট্রেন যাত্রার সময় শুধু বৈধ টিকিট থাকলেই চলবে না, সঙ্গে রাখতে হবে অন্যান্য জরুরি নথিও। সামান্য অসাবধানতায় বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে যাত্রীদের।
বিশেষ করে যে সমস্ত পরিবার বা দলগত যাত্রীরা একটিমাত্র সিঙ্গেল টিকিটে একসঙ্গে সফর করেন, তাঁদের জন্য নিয়মটি আরও কঠোর করা হয়েছে। রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের ক্ষেত্রে দলের অন্তত একজনের কাছে আসল বা অরিজিনাল ছবিযুক্ত পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। মোবাইলে সংরক্ষিত কোনো ডিজিটাল কপি গ্রহণযোগ্য হবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে বৈধ টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে এবং মোটা জরিমানা দিতে হবে।