বর খুঁজতে তিন পাতার গুগল ফর্ম! তরুণীর কাণ্ডে অবাক নেটপাড়া – এক ঝলক

একঝলক ডেস্ক:
আমেরিকার নর্থ ক্যারোলিনার শার্লট শহরের বাসিন্দা ৩৬ বছর বয়সি এরিন প্যাটারসন জীবনসঙ্গী খুঁজতে এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। প্রচলিত ডেটিং অ্যাপ বা পরিচিতদের মাধ্যমে কাঙ্ক্ষিত মানুষ না পেয়ে তিনি তৈরি করেছেন তিন পাতার একটি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা গুগল ফর্ম। নাম, বয়স, পেশা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিয়ে সম্পর্কে দৃষ্টিভঙ্গি—সবকিছুর বিশদ বিবরণ চেয়ে তৈরি করা এই ফর্মটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। তাঁর এই ফর্মে এখন পর্যন্ত ২৪১টি আবেদন এবং এক থেকে দেড় হাজারের মতো সরাসরি মেসেজ জমা পড়েছে।
এরিনের এই ফর্মে জীবনসঙ্গীর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পছন্দের কথাও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাঁর চাওয়া অনুযায়ী পাত্রকে অবশ্যই অবিবাহিত, ২৮ থেকে ৪৭ বছর বয়সি এবং খ্রিস্টান হতে হবে। পাশাপাশি তিনি এমন এক সুদর্শন ও উদার মনের মানুষকে খুঁজছেন যিনি সংসার ও সন্তান চান এবং ডেটে আগ্রহী। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নেটপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে কেউ প্রশংসা করেছেন তো কেউ আবার মজার ছলে মন্তব্য করেছেন।