“সবাইকে দিতে হবে টাকা!” বঞ্চনার অভিযোগে চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ

“সবাইকে দিতে হবে টাকা!” বঞ্চনার অভিযোগে চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ

অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরেও দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। প্রকল্পের টাকা বঞ্চনার ক্ষোভে সোমবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে ব্যস্ততম ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকারি নিয়ম ও প্রক্রিয়া মেনে তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও বহু মানুষ এখনও পর্যন্ত একটি কানাকড়িও পাননি। তাঁদের স্পষ্ট ক্ষোভ, “একই প্রকল্পে কেউ টাকা পাচ্ছেন, আর কেউ বঞ্চিত হচ্ছেন! যদি দিতে হয় সবাইকে দিতে হবে, নয়তো কাউকেই দেওয়া চলবে না।”

এই বৈষম্যের প্রতিবাদেই এদিন রাস্তায় নেমে পড়েন মহিলারা। ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর বসে শুরু হয় তীব্র বিক্ষোভ। আচমকা এই অবরোধের ফলে রাস্তা দু’ধারে আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী লরি। তীব্র যানজটের জেরে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছানোর চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *