বারান্দায় তৃণমূল নেতা, ঘরে মৃত বাবা! অশোকনগরে বাবা-ছেলের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য! – এক ঝলক

একঝলক ডেস্ক:
উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল নেতা ও তাঁর বৃদ্ধ বাবার রহস্যজনক জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একই সঙ্গে ঘরের ভিতর থেকে তাঁর বৃদ্ধ বাবা কমল রাউতকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা কমলবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবাকে কোনোভাবে অচৈতন্য করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবনেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করতেন এবং বেশ কিছুদিন ধরে ব্যবসায় মন্দার কারণে মারাত্মক মানসিক চাপে ছিলেন। তবে এটি খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক ও রহস্যজনক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।