ত্রাণ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! আকাশ থেকে ফেলা প্যাকেটের আঘাতে প্রাণ হারালেন ব্যক্তি

বিহারের শরণ জেলায় এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনায় আকাশ থেকে ফেলা ত্রাণের প্যাকেট সরাসরি মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন এক মহিলাসহ দুই শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় শুক্রবার বিকেলে বিহারের শরণ জেলার আমনৌর থানার পরশুরামপুর গ্রামে হেলিকপ্টার থেকে ত্রাণসামগ্রী ফেলা হচ্ছিল। ঠিক সেই সময়ই এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৬ বছর বয়সি অনিল কুমার সিং (যিনি আপ্পু সিং নামেও পরিচিত) বাড়ির বাইরে বা ত্রাণ সংগ্রহের আশপাশে ছিলেন। হঠাত্ই উপর থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি ভারী ত্রাণের প্যাকেট সজোরে তাঁর মাথার ওপর আছড়ে পড়ে। আকস্মিক এই আঘাতে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
এদিকে, ত্রাণের প্যাকেট পড়ার পাশাপাশি হেলিকপ্টারের তীব্র বায়ুপ্রবাহের জেরে আশপাশের একটি টিনের চাল উড়ে এক মহিলার গায়ে এসে পড়ে। এতে ওই মহিলা এবং তাঁর দুই সন্তান সামান্য জখম হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।
এই অনভিপ্রেত মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ত্রাণ বিতরণের সময়কার নিরাপত্তা ব্যবস্থা ও প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। বনয়ার চরম সংকটের মাঝে এই আকস্মিক প্রাণহানি পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।