ক্লাস ছেড়ে বিমা বিক্রি! শিক্ষকদের বিরুদ্ধে স্কুল শিক্ষামন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ

শিক্ষকরা ক্লাসে পড়াবেন, মানুষ করবেন— এটাই স্বাভাবিক। কিন্তু এবার অভিযোগ উঠল, পড়াশোনা শিকেয় তুলে একদল শিক্ষক ঘুরে বেড়াচ্ছেন স্কুল থেকে স্কুল! ক্লাস ফেলে তাঁরা সহকর্মীদের কাছে বিক্রি করছেন জীবন বিমা ও মেডিক্লেম পলিসি। আর এর বিনিময়ে মাস গেলে পকেটে পোরছেন মোটা অঙ্কের কমিশন। এই বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই রাজ্যজুড়ে শিক্ষামহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাইরের কেউ নয়, খোদ একটি শিক্ষক সংগঠন এই বেআইনি কারবারের বিরুদ্ধে সরাসরি স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, ২০১৮ সালের শিক্ষকদের সার্ভিস রুল সম্পূর্ণ লঙ্ঘন করে কিছু শিক্ষক এই কাজ করছেন। নিজেদের ‘নেতা’ পরিচয় দিয়ে তাঁরা সরকারি সুযোগ-সুবিধে পাইয়ে দেওয়ার লোভ দেখাচ্ছেন এবং কম পয়সায় বিমা করানোর ফাঁদে ফেলছেন অন্য শিক্ষকদের। কখনও স্টাফরুমে দল বেঁধে, আবার কখনও নানা জমায়েত বা সম্মেলনে এই বিমা বিক্রির রমরমা চলছে।
এদিকে, এই অভিযোগ নিয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানিয়েছেন, বেসরকারি বিমা সংস্থাগুলো নানা সম্মেলনের খরচ দেওয়ার লোভ দেখিয়ে এই বিমা বিক্রির প্রস্তাব দেয়। অন্যদিকে, অ্যাডভান্স সোসাইটির প্রতিনিধি চন্দন মাইতি মনে করেন, শিক্ষকদের জন্য নির্দিষ্ট কোনো সরকারি স্বাস্থ্য বিমা বা হেলথ স্কিম না থাকার কারণেই এই সুযোগ নিচ্ছেন অনেকে।
অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গরাইয়ের মতে, সরকারি হেলথ স্কিম না থাকায় তাঁদের সংগঠন সদস্যদের সামাজিক সুরক্ষার জন্য নিজস্ব উদ্যোগে সস্তায় মেডিক্লেম করিয়েছে।
শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়ে প্রমাণসহ নাম তুলে ধরার হুংকার দিয়েছে অভিযোগকারী সংগঠনটি। এখন দেখার, এই চক্রের বিরুদ্ধে শিক্ষা দপ্তর বা জেলা পরিদর্শক (DI) রা ঠিক কী পদক্ষেপ নেন।