‘সবাই ফোন করুন, ওকে বোঝান!’ নিজের দলের সেনেটরের নম্বর ফাঁস করে দিলেন ক্ষিপ্ত ট্রাম্প

‘সবাই ফোন করুন, ওকে বোঝান!’ নিজের দলের সেনেটরের নম্বর ফাঁস করে দিলেন ক্ষিপ্ত ট্রাম্প

ডে-লাইট সেভিংস টাইম বা ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে রাখার বিল সেনেটে আটকে রাখার অভিযোগে নিজের দলেরই এক সেনেটরের ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় এখন উত্তপ্ত মার্কিন রাজনীতি।

জানা গেছে, ট্রাম্পের আনা ‘সানশাইন প্রোটেকশন অ্যাক্ট’ সারা বছর ডে-লাইট সেভিংস টাইম চালু রাখার কথা বলে। অর্থাৎ, বছরের সব সময়ই ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে রাখার পক্ষে ট্রাম্প। এর ফলে বিকেলে অতিরিক্ত এক ঘণ্টা সূর্যের আলো পাওয়া যাবে এবং আমেরিকানরা উপকৃত হবেন— এমনটাই তাঁর দাবি। বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হলেও, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই সদস্য তথা আরকানসাসের সেনেটর টম কটন সেনেটে সেটি আটকে রেখেছেন।

কটনের আশঙ্কা, শীতকালে ঘড়ি এক ঘণ্টা এগিয়ে রাখলে স্কুলছাত্র ও ভোরবেলার কর্মজীবীদের অন্ধকারেই বাড়ির বাইরে বের হতে হবে। অতীতেও এই পরীক্ষা ব্যর্থ হয়েছিল বলে তিনি যুক্তি দেন।

কটনের এই বিরোধিতায় মেজাজ হারিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তাঁর ফোন নম্বর জনসমক্ষে এনে ট্রাম্প লেখেন, ‘টম কটন আমার বন্ধু, কিন্তু উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল আটকে রেখেছেন। আপনারা সবাই ওঁকে ফোন করে বোঝান, যেন বিলটি আর আটকে না রাখেন।’

উল্লেখ্য, সেনেটরের ফোন নম্বর প্রকাশ করে বিতর্কে জড়ানোর ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে এটিই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে প্রেসিডেন্ট পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করার সময়ও তিনি তৎকালীন সেনেটর লিন্ডসে গ্রাহামের ফোন নম্বর প্রকাশ্যে এনেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *