‘ভারতে শান্তি নেই!’ সঞ্জয় দত্তের এক মন্তব্যে তাণ্ডব নেটপাড়ায়, অতীতে টেনে তুমুল কটাক্ষ

শেখর সুমনের একটি চ্যাট শোয়ে এসে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, এদেশের মানুষ উদার ও অতিথিপরায়ণ হলেও ইদানীং তিনি ভারতে আর আগের মতো শান্তি অনুভব করতে পারছেন না। একই সঙ্গে দেশের শান্তি ফিরিয়ে আনতে তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করছেন বলেও জানান। পর্দার ‘মুন্নাভাই’-এর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।
অভিনেতার এই শান্তির বার্তা ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। সঞ্জয় দত্তের অতীত রেকর্ড মনে করিয়ে দিয়ে সোশাল মিডিয়ায় তাঁর প্রতি ধেয়ে আসছে একের পর এক তীব্র কটাক্ষ। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ, অবৈধ অস্ত্র (একে-৪৭) রাখা এবং মাদকের প্রসঙ্গের অবতারণা করে নেটিজেনরা তাঁকে ‘ভণ্ড’ ও ‘নির্লজ্জ’ বলে তোপ দাগছেন। একজন জেলফেরত আসামির মুখে শিবের নাম শুনে এবং শান্তির ভাষণ শুনে ক্ষুব্ধ সাধারণ মানুষ তাঁর মানসিকতা ও মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।