পোস্ট অফিসের লাখপতি স্কিম, ৫ বছরে শুধু সুদ থেকেই মিলবে সাড়ে ৪ লক্ষ টাকা!

ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্নের কথা মাথায় রেখে বিনিয়োগ করতে চাইলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি একটি লাভজনক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। সম্পূর্ণ সরকারি সুরক্ষাবলয়ে থাকা এই স্কিমে বর্তমানে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় এবং বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। ভারতীয় বাসিন্দারা নিজেদের বা নাবালকের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
এই প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগে মিলছে আকর্ষণীয় রিটার্ন। উদাহরণস্বরূপ, যদি কোনো নাগরিক এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি পাঁচ বছরে শুধুমাত্র সুদ বাবদ ৪,৪৯,০৩৪ টাকা আয় করতে পারবেন। ফলে মেয়াদ শেষে মোট প্রাপ্ত টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় ১৪ লক্ষ ৪৯ হাজার ৩৪ টাকা। মধ্যবিত্ত ও দীর্ঘমেয়াদী সঞ্চয়কারীদের জন্য এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য আর্থিক মাধ্যম।