ব্রিটেনের মার্কিন ঘাঁটিতে বড়সড় নাশকতার ছক, তড়িঘড়ি সমস্ত বোমারু বিমান সরাল আমেরিকা

পশ্চিম ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ‘র্যাফ ফায়ারফোর্ড’ থেকে নিজেদের সমস্ত বোমারু বিমান সরিয়ে নিয়েছে আমেরিকা। সম্প্রতি ওই ঘাঁটিতে সম্ভাব্য জঙ্গি হামলার খবর ছড়িয়ে পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। পার্শ্ববর্তী গ্রাম থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত পদক্ষেপ করে ঘাঁটির দিকে এগোতে থাকা তিনটি সন্দেহজনক গাড়ি আটক করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। গাড়িগুলি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বায়ুসেনা ঘাঁটিটি গত মার্চ মাস থেকে ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করছিল মার্কিন বাহিনী। এই হামলার ছকের নেপথ্যে ইরান, রাশিয়া কিংবা কোনো ইসলামি জঙ্গি সংগঠনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে মার্কিন প্রশাসন তাদের বিমানগুলো মূল ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। অন্যদিকে, নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের প্রশ্নে ব্রিটেন সরকার জানিয়েছে যে তাদের দেশের ভেতরের ও বাইরের সমস্ত সামরিক ঘাঁটির সুরক্ষায় পর্যাপ্ত কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।