‘বাঁচতে পারবে না’! মহুয়ার বিস্ফোরক পোস্টের পরেই সরাসরি মানহানির মামলার হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের

পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে এক্স (X) মাধ্যমে করা একটি বিস্ফোরক পোস্টের জেরে তীব্র আইনি সংঘাতে জড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সম্প্রতি সামাজিক মাধ্যমে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করে মহুয়া মৈত্র অভিযোগ করেন যে, তাঁরা বাংলার এসআইআরের প্রধান কারিগর এবং সমস্ত অবৈধ কাজের সঙ্গে যুক্ত। এই আক্রমণাত্মক মন্তব্য এবং “বাঁচতে পারবে না” হুমকির পরেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
মহুয়ার করা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন মনোজ আগরওয়াল। তিনি সাফ জানিয়েছেন যে, “এনাফ ইজ এনাফ”, এবার নিজের আইনি দলের সঙ্গে আলোচনা করে তিনি সরাসরি মানহানির মামলা (ডিফেমেশন কেস) দায়ের করতে চলেছেন। তিনি আরও স্পষ্ট করেছেন যে, মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে থেকে কোনও নাম বাদ দিতে পারেন না; মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা ভুয়ো ভোটারদের নামই নিয়মমাফিক বাদ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক শুনানির আবহে এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।