উৎসবের মরশুমে হকার উচ্ছেদ নয়! কড়া নির্দেশ মানবাধিকার কমিশনের

নবরাত্রি, দীপাবলি ও ছটপুজোর মতো উৎসবের মরশুমে রাস্তার ধারের হকার, ক্ষুদ্র বিক্রেতা এবং মৃৎশিল্পীদের অকারণে উচ্ছেদ বা জীবিকা বন্ধ করা যাবে না। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই কঠোর নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। কমিশনের পর্যবেক্ষণ, উৎসবের সময়ে হকারদের হয়রানি, পণ্য বাজেয়াপ্ত করা এবং জোর করে সরিয়ে দেওয়ার প্রবণতা বাড়ে। জননিরাপত্তার স্বার্থে কোনো নির্দিষ্ট জায়গা ফাঁকা করা আবশ্যক হলেও, সম্পূর্ণভাবে হকার উচ্ছেদের পথে হাঁটতে পারবে না প্রশাসন।
অগ্নিনিরাপত্তা বা জরুরি পরিষেবার কারণে বিক্রেতাদের সরাতে হলে আগে উপযুক্ত বিকল্প বিক্রির জায়গা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন কারও জীবিকা পুরোপুরি থমকে না যায়, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হকারদের ওপর নির্যাতন, তোলা আদায় বা অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ‘ভোকেল ফর লোকাল’ ভাবনাকে এগিয়ে নিতে মুখ্যসচিবদের নির্দেশ দিয়েছে কমিশন।