খাবার কাড়লেন বিগ বস! মাঝ-সপ্তাহেই কি তবে বিদায় নিচ্ছেন দীপেন্দু?

বিগ বসের ঘরে খাবার ও জলের অপচয় করার জেরে প্রতিযোগীদের সমস্ত রেশন কেড়ে নিয়েছেন বিগ বস। কঠিন টাস্ক জিতে তবেই খাবার ফেরত পাওয়ার শর্ত দেওয়া হয়েছে। টাস্কে গম পেষাই থেকে শুরু করে একাধিক শারীরিক চ্যালেঞ্জে অংশ নেন প্রতিযোগীরা। এর মধ্যে ঝিলমের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠলেও, রাজবীর সবচেয়ে বেশি কয়েন সংগ্রহ করে আগামী সপ্তাহের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন। শনি-রবিবারে কোনো এভিকশন না হওয়ায় সবাই স্বস্তিতে থাকলেও, সেই স্বস্তি বেশিদিন টেকেনি।
সপ্তাহের মাঝপথেই হঠাৎ এভিকশনের ঘোষণা করে বড় চমক দিয়েছেন বিগ বস। বিশেষ করে দীপেন্দু ও ঝিলমের কার্যকলাপে সন্তুষ্ট না থাকায় তাঁদের সরাসরি নমিনেট করা হয়েছিল। দীপেন্দুর নিষ্ক্রিয়তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠায় গুঞ্জন শুরু হয়েছে যে, আজই হয়তো বিগ বসের ঘর থেকে বিদায় নিতে পারেন তিনি। আজকের এপিসোডেই স্পষ্ট হবে কার মাথায় নামছে এভিকশনের খাঁড়া।