প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি: শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর, সঙ্গে ‘বিকশিত ভারত’-এর বার্তা

প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি: শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর, সঙ্গে ‘বিকশিত ভারত’-এর বার্তা

নয়াদিল্লি: সরকারের শীর্ষ প্রশাসনিক প্রধান হিসেবে সফলভাবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের এই সিলভার জুবিলি বা রূপালী জয়ন্তী পূর্তিতে দেশ ও বিদেশের একাধিক শীর্ষ নেতৃত্ব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই ঐতিহাসিক দিনে দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে বিশেষ পুজো ও আচার-অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে এক্স (টুইটার) হ্যান্ডেলে পুজো দেওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, দেশের প্রতিটি পরিবারের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য তিনি বিঘ্নহর্তা শ্রী গণেশের চরণে প্রার্থনা করেছেন। বিঘ্নহর্তার কৃপায় দেশের সকলের কল্যাণ হোক এবং ভারত যেন উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে চলে—এমনটাই কামনা করেন তিনি।

স্মরণীয় এই দিনে দিল্লিতে আয়োজিত ‘বিকশিত ভারত সংকল্প সভা-সেবা জ্যোতি যাত্রা’-র সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বিজেপির যে ‘সেবা সংকল্প যাত্রা’-র সূচনা হয়েছিল, বুধবার তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মোদির জীবন ও আধ্যাত্মিক ভাবধারার সঙ্গে যুক্ত এক বিশেষ প্রাঙ্গণে আয়োজিত এই সমাপনী কর্মসূচিতে ভারতীয় জনতা যুব মোর্চার হাজার হাজার কর্মী, ‘সেবা যাত্রী’ ও তরুণ নাগরিকেরা উপস্থিত ছিলেন।

অমিত শাহের উষ্ণ অভিনন্দন প্রধানমন্ত্রীর এই দীর্ঘ প্রশাসনিক সফলতাকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নরেন্দ্র মোদির সুদৃঢ় নেতৃত্বে ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল পেমেন্ট, স্টার্টআপ, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা উৎপাদন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো প্রতিটি আধুনিক ক্ষেত্রে ভারত আজ বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বৈশ্বিক যুদ্ধ ও অস্থিরতার আবহেও ভারত শান্তি ও সম্প্রীতির এক শক্তিশালী আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করেন, ২০৪৭ সালের মধ্যে প্রতিটি ক্ষেত্রে ভারতকে নেতৃত্বদানের জায়গায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী যে ‘বিকশিত ভারত’-এর মন্ত্র দিয়েছেন, তা কোটি কোটি দেশবাসীর মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *