পুজোর মুখেই বদলে গেল আবহাওয়া, আজ দুপুরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা চার জেলায়!

শরতের আনন্দ উৎসবে ফের বাধ সাধল প্রকৃতি। বুধবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ছাড়া বাকি জেলাগুলি হলো হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকার পর বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয়। প্রাথমিকভাবে হলুদ সতর্কতা জারি করা হলেও, পরিস্থিতি বিবেচনা করে হাওয়া অফিস তা বাড়িয়ে কমলা সতর্কতা ঘোষণা করেছে। হাওয়া অফিসের মতে, রাজ্য থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প জমা রয়েছে। এর ফলে স্থানীয়ভাবে মেঘ ঘনীভূত হয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে। আলিপুর জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা ও প্রস্তুতির মাঝে দক্ষিণ পশ্চিমবঙ্গ জুড়ে জারি রয়েছে কড়া সতর্কতা।