অফিসিয়াল দপ্তরে সিবিআই হানায় তোলপাড় পাঞ্জাব! এবার কি ইডির পালা? মোদী সরকারকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মানের

ভোটমুখী পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ক্যাম্প অফিসে সিবিআই তল্লাশিকে কেন্দ্র করে চরমে উঠেছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপি পাঞ্জাব সরকার এবং তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত করছে। সিবিআই পদক্ষেপের পর কটাক্ষের সুরে তিনি জানান, এরপর নিশ্চয়ই ইডির পালা আসবে। রাজ্যকে বিভিন্ন ইস্যুতে কোণঠাসা করার চেষ্টা চলছে উল্লেখ করে মান জানান, জনগণের সমর্থন দেখে কেন্দ্র বিচলিত হয়ে পড়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ খারিজ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় শাসকদল বিজেপি। বিজেপির প্রবীণ নেতা তরুণ চুঘ নৈতিকতার দোহাই দিয়ে অবিলম্বে ভগবন্ত মানের পদত্যাগ দাবি করেছেন। তিনি স্পষ্ট জানান, কেন্দ্র কোনো সংস্থাকে পাঠায়নি, বরং ইডির পেশ করা তথ্যের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টই এই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের আইনি প্রক্রিয়া মেনে সিবিআই তাদের দায়িত্ব পালন করছে বলে জানান তিনি, একই সাথে সম্পূর্ণ ঘটনায় আপ সরকারের বিচলিত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।