খড়গপুরে ভরা রাস্তায় দ্বাদশ শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে গুলি! টার্গেট কি অন্য কেউ ছিল?

বুধবার সকালে খড়গপুর শহরের রেল কলোনি এলাকায় ভরা রাস্তায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ সাগর কুমার নামে এক যুবকের বাইকে চড়ে যাওয়ার সময় ওল্ড সেটেলমেন্ট এলাকায় একটি দোকানে থামেন অক্ষয় ঝা নামের ওই ছাত্র। সেই সময় মুখ ঢাকা দুষ্কৃতীরা বাইকে এসে অতর্কিতে দুই রাউন্ড গুলি চালায়, যার মধ্যে একটি গুলি সরাসরি ওই স্কুলছাত্রের বুকে লাগে।
রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বাইকচালক সাগর কুমারকে জিজ্ঞাসাবাদ করছে। এটি পুরনো শত্রুতার জেরে নাকি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে চালানো হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।