শুভেন্দু সরকারে মেগা চমক! রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা পদে মিঠুন চক্রবর্তী

অভিনয় জগৎ ও রাজনীতির পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী পেলেন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে প্রবীণ এই অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্বকে। মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়।
মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের নির্দেশ ও উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এই পদে বহাল থাকাকালীন মহাগুরু পূর্ণমন্ত্রীর সমতুল্য পদমর্যাদা, সম্মান ও সুযোগ-সুবিধা পাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই উপদেষ্টা পদ সামলাবেন।
বর্তমানে কাজের সূত্রে আলিপুরদুয়ারে অবস্থান করছেন মিঠুন চক্রবর্তী। নতুন দায়িত্ব পাওয়ার খবর জানতে পেরে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানান। জানা গিয়েছে, শীঘ্রই তিনি কলকাতায় ফিরে আনুষ্ঠানিকভাবে নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, সম্প্রতি নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে মিঠুন চক্রবর্তীকে সাংস্কৃতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে। সেই মঞ্চেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে মহাগুরু বলেছিলেন, “আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন, তা করে দেখান। আমি গ্যারেন্টি দিচ্ছি, ওনার কথা বাস্তবায়িত হবেই।”
উৎসবের মরশুমের মুখেই রাজ্য সরকারের এই বড় ঘোষণায় নতুন আলোচনা শুরু হয়েছে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে।