পুজোর মুখেও মিলল না স্বস্তি! বিচারপতির ব্যক্তিগত অব্যাহতি, হাইকোর্টে ঝুলেই রইল শাহজাহানের জামিনের ভাগ্য

পুজোর মুখেও মিলল না স্বস্তি! বিচারপতির ব্যক্তিগত অব্যাহতি, হাইকোর্টে ঝুলেই রইল শাহজাহানের জামিনের ভাগ্য

পুজোর মুখে চরম অস্বস্তিতে সন্দেশখালির প্রাক্তন দাপুটে নেতা শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্টে তাঁর জামিন মামলা নিয়ে আবারও নতুন করে জটিলতা দেখা দিল। মামলাটি থেকে আচমকাই সরে দাঁড়ালেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। ফলে জামিনের আবেদনটি পুনরায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি নির্দেশ দিলে তবেই নির্ধারণ হবে নতুন কোন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।

বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন শেখ শাহজাহান। সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর আগে বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আর্জি খারিজ করে জানিয়েছিলেন, তদন্তের অগ্রগতি ও নতুন তথ্যের ওপর ভিত্তি করে তিনি পরবর্তীতে নতুন করে আবেদন করতে পারবেন। সেইমতো পুনরায় আবেদন করা হলেও, এবার শুনতেই চাইলেন না বিচারপতি অপূর্ব সিংহ রায়।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়, শাহজাহানের বিরুদ্ধে এলাকায় সাক্ষীদের ভয় দেখানোর মতো গুরুতর তথ্য প্রমাণ রয়েছে। সব পক্ষের সওয়াল-জবাব শেষে গত মার্চ মাসেও আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল।

এবার পুনরায় বিচারপতি মামলা থেকে অব্যাহতি নেওয়ায় নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত ঝুলে রইল শাহজাহানের জামিনের প্রক্রিয়া। ফলে পুজোর আগেই জেলমুক্তির যে আশাটুকু ছিল, তা আপাতত বিশ বাঁও জলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *