ইসি নিয়োগ মামলা ঘিরে তীব্র আইনি জট! সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত খতিয়ে দেখবে শীর্ষ আদালত

ইসি নিয়োগ মামলা ঘিরে তীব্র আইনি জট! সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত খতিয়ে দেখবে শীর্ষ আদালত

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের নতুন আইন ঘিরে আইনি জটিলতা আরও তীব্র হলো। নির্বাচন কমিশনারদের নিয়োগকারী প্যানেল থেকে দেশের প্রধান বিচারপতিকে (CJI) বাদ দেওয়া সংক্রান্ত বিতর্কিত এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে কি না, তা নিয়ে তৈরি হওয়া বিভক্ত রায় বা ‘স্প্লিট ভার্ডিক্ট’ এবার পুনর্বিবেচনা করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে মামলাটি পুনরায় খতিয়ে দেখার সম্মতি দেওয়ায় বিষয়টি এখন নতুন মোড় নিল।

আইনি জটিলতার উৎস: ২০২৩ সালের বিতর্কিত আইনে নির্বাচন কমিশনার বাছাই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্যকে যুক্ত করার বিধান আনা হয়। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা ব্যাহত হতে পারে—এই আশঙ্কায় সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে।

সম্প্রতি এই মামলাগুলির শুনানির সময় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে স্পষ্ট দ্বিমত দেখা দেয়। বিচারপতি দীপঙ্কর দত্ত মামলাটি সংবিধান বেঞ্চে না পাঠানোর পক্ষে রায় দেন। অন্যদিকে, বেঞ্চের অপর সদস্য বিচারপতি সতীশ চন্দ্র শর্মা বিষয়টিকে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর পক্ষে মতপ্রকাশ করেন।

দুই বিচারপতির এই পরস্পরবিরোধী নির্দেশ বা বিভক্ত রায়ের ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির সুপারিশের কাছে পাঠানো হয়। আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ দুই বিচারপতির সেই বিভক্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানান। সম্প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই আবেদন খতিয়ে দেখতে সম্মত হওয়ায় এখন এই হাইপ্রোফাইল আইনি লড়াইয়ের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর গোটা দেশের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *