বোমায় বিধ্বস্ত বায়ুঘাঁটিকে জয় ভাবছে পাকিস্তান! রাষ্ট্রসংঘের মঞ্চে বিস্ফোরক ভারতের কড়া জবাব

আন্তর্জাতিক মঞ্চে ফের মুখপুড়ল পাকিস্তানের। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানি সেনার ভুয়ো দাবি ও সীমান্তপার সন্ত্রাসবাদে মদত দেওয়াকে তীব্র আক্রমণ করেছেন। তিনি কটাক্ষ করে বলেন, বোমায় বিধ্বস্ত বায়ুঘাঁটি আর গর্তে ভরা রানওয়ে দেখে ইসলামাবাদ যদি জয় উদযাপন করতে চায়, তবে তা করতে পারে; তাতে বাস্তব সত্য বদলে যাবে না। একই সঙ্গে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার ও ৯/১১-র মূলচক্রী ওসামা বিন লাদেনের উদাহরণ টেনে পাকিস্তানের জঙ্গি তোষণ নীতি বিশ্বের সামনে উন্মোচিত করেন তিনি।
পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম দেখে হত্যার মতো বর্বর আন্তঃসীমান্ত সন্ত্রাসে পাকিস্তান সরকারের সরাসরি মদত রয়েছে বলে স্মরণ করিয়ে দেন ভারতীয় কূটনীতিক। রাষ্ট্রসংঘের এই অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যকে ভণ্ডামি আখ্যা দিয়ে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কড়া প্রতিক্রিয়া জানান। পাকিস্তান যেভাবে নিজস্ব ভূখণ্ডে জঙ্গিগোষ্ঠীগুলোকে রাজনৈতিক ছত্রছায়া দিচ্ছে, তাতে আন্তর্জাতিক প্রতিশ্রুতি অর্থহীন হয়ে পড়েছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। সেপ্টেম্বর-অক্টোবরের সাধারণ সভার মঞ্চে আন্তর্জাতিক স্তরে ভারতের কাছ থেকে ফের একবার কঠোর বার্তা পেল ইসলামাবাদ।