দিল্লির উত্তাল আন্দোলন ঘিরে বড় পদক্ষেপ পুলিশের, কুখ্যাত অপরাধী সহ ২৮৭৩ জনকে আটকের নির্দেশ!

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে চূড়ান্ত সতর্কতা জারি করেছে দিল্লি পুলিশ। নয়াদিল্লির বিভিন্ন সংবেদনশীল হটস্পটে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা এফআরসি (FRC) বসানোর পাশাপাশি, গত জুলাই মাসের আন্দোলন থেকে চিহ্নিত ২৮৭৩ জন অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করে আটক করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের খাতায় নাম থাকা এই ব্যক্তিদের কোনো অবস্থাতেই আসন্ন প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট থানাগুলিকে চিহ্নিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার করতে বলা হয়েছে। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই তালিকায় থাকা ৯৮৯ জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি এবং পকসো আইনের মতো অত্যন্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর পাশাপাশি, গন্ডগোল সৃষ্টিকারী এসব ব্যক্তির গতিবিধি ও সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর কড়া নজরদারি চালাতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবং থানাগুলির ইনচার্জদের (SHO) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।