বিকাশ ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা, হাইকোর্টে তীব্র জলঘোলা! শুক্রবারের মধ্যে রাজ্যের জবাব তলব প্রধান বিচারপতির

বিকাশ ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা, হাইকোর্টে তীব্র জলঘোলা! শুক্রবারের মধ্যে রাজ্যের জবাব তলব প্রধান বিচারপতির

পূর্ব যাদবপুরে বিশিষ্ট আইনজীবী তথা সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবনে হামলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে মুখ ঢাকা এক দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোঁড়ে, যার ফলে ভেঙে যায় জানলার কাচ। বিকাশবাবুর নাম ধরে অকথ্য গালিগালাজও করে হামলাকারী। সম্পূর্ণ ঘটনাটি বাড়ির সিসিটিভি (CCTV) ক্যামেরায় বন্দি হয়েছে। দলমত নির্বিশেষে রাজনৈতিক ও আইনজীবী মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বৃহস্পতিবারই প্রধান বিচারপতি আর ভি ঘুঘের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শামিম আহমেদ প্রমুখ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা যারা রাজ্য সরকারের বিরোধিতা করছি, তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। পুলিশ ও গোয়েন্দারা কী করছেন?” নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘সিজ ওয়ার্ক’ বা কর্মবিরতির প্রস্তাব দেন।

আইনজীবীদের নিরাপত্তার প্রশ্নে প্রধান বিচারপতি স্পষ্ট জানান যে তিনি ‘সিজ ওয়ার্ক’-এর সিদ্ধান্তে শেষ পর্যন্ত বাধা দেবেন। বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, “আমাদের বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকের বাড়িতে পুলিশ বসানো সম্ভব নয়, তবে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং হাইকোর্টের নিরাপত্তা বাড়ানো যেতে পারে।”

রাজ্যের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল (AAG) আদালতকে আশ্বাস দিয়ে জানান, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে প্রধান বিচারপতি আর ভি ঘুঘে নির্দেশ দেন, বিরোধী আইনজীবীদের ওপর হামলার ঘটনায় এ দিন পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে শুক্রবার রাজ্যকে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *