রাশিয়ায় গবেষণাগারে প্লেগের থাবা নাকি স্রেফ গুজব! দ্বিতীয় মৃত্যুর গুঞ্জনের মাঝেই সত্য প্রকাশ্যে আনল মস্কো

সাইবেরিয়ার ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটে ল্যাবরেটরি কর্মী দরিয়া শিপিলোভার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়, গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষা-নিরীক্ষার সময় প্লেগ ব্যাকটেরিয়াবাহী টেস্টটিউব দুর্ঘটনাবশত ভেঙে গেলে তিনি সংক্রামিত হন। পরবর্তীকালে ‘নিউমোনিক প্লেগে’ তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। এরপরই ল্যাবরেটরির দ্বিতীয় এক কর্মীর মৃত্যুর খবর ছড়ালে মহামারী ফের ছড়িয়ে পড়ার জল্পনা তীব্র হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই একটি বিশদ রিপোর্ট তলব করেছে।
তবে মহামারীর সংবাদের তীব্রতার মাঝে সমস্ত খবরকে ভিত্তিহীন ও উড়িয়ে দেওয়ার মতো বলে দাবি করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানান, দ্বিতীয় কোনো ব্যক্তির মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো এবং প্রচলিত তথ্যের সিংহভাগই মিথ্যা। রাশিয়ার স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সংস্থা রোসপোট্রেবনাডজোর জানিয়েছে, সংশ্লিষ্ট গবেষণাগারের অন্যান্য কর্মীদের শরীরে কোনো সংক্রমণের অস্তিত্ব মেলেনি। শিপিলোভার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে পরীক্ষা চলছে। জনগণের বিভ্রান্তি এড়াতে কেবল প্রশাসনিক তথ্যের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।